কেনেপজ্ ক্যানো ক্লাবে জেনিথের অভিজাত সম্প্রদায়ের নৃত্যানুষ্ঠান চলছে; দোদুল্যমান জাপানি প্রদীপের আলোয় আলোকিত পাইনের স্তম্ভ-দেওয়া প্রশস্ত অলিন্দের মেঝেতে নট-নটীরা সংগীতের তালে তালে নাচছে। নটিনীদের ঢিলে পোশাক, স্মিত মুখ আর মাথার উপর বিন্যস্ত মন-ভোলানো কেশরাশি দর্শকের বুকে কামনা জাগিয়ে দেয়। আগস্ট মাসের জ্যোছনা-প্লাবিত যামিনী; নারী-পুরুষের প্রেম-জানাজানির মহালগ্ন; অনুকূল পরিবেশ।
উনিশশো তিন সাল, সভ্যতার চরম বিকাশ। ইতোমধ্যেই তিনজন অতিথি এসেছেন নতুন মোটরে চড়ে। চতুর্থ মোটর হাঁকিয়ে এল স্যামুয়েল ডস্ট্রয়ার্থ। নাচের দৃশ্যটা অপূর্ব- ভাব-বিলাসময়। একটা হ্রদের বুকে আনন্দমগ্ন প্রেমিক-প্রেমিকার দল ডোঙায় বসে গান গাইছে। স্যামুয়েল ডস্ট্রয়ার্থ এ দৃশ্য উপভোগ করে।