খুব ভোরে ঘুম ভাঙলো কিনোর। পূবের আকাশ সবে ফর্সা হতে শুরু করেছে। আকাশে দু'একটা তারা এখনো দেখা যায়। মোরগের ডাক শোনা যাচ্ছে। ভেসে আসছে ভোরের পাখির কিচিরমিচির।
চোখ মেলে তাকালো কিনো। দরজার নিচে আবছা আলোর আভাস। ঝুলন্ত দোলনার দিকে তার চোখ গেল। ঘুমোচ্ছে কয়োটিটো। এবার সে তাকালো পাশে শুয়ে থাকা জুয়ানার দিকে। জুয়ানাও চোখ মেলে তাকিয়ে আছে। তাকেই দেখছে জুয়ানা। ঝিকমিক করছে ওর চোখের তারা। নীল রঙের শাল দিয়ে ওর শরীর জড়ানো। এভাবেই প্রতিদিন কিনোর সকাল হয়। ঘুম ভেঙে প্রথমেই সে দেখে একজোড়া কালো চোখ। ভোরের আবছা আলোয় প্রতিদিন ঝিকমিক করে সেই চোখের তারা।
কান পেতে ঢেউয়ের শব্দ শোনে কিনো। ঢেউয়ের পরে ঢেউ এসে আছড়ে পড়ে সাগরের তীরে। চোখ বুঁজে শব্দটা শোনে কিনো। তার মনে হয়, এ যেন শব্দ নয় সংগীত, বিরামহীন প্রশান্ত সংগীত। যেন অনাদিকালের অন্তর থেকে ভেসে আসা অন্তহীন গান।