মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধে বড়লেখা গ্রন্থটি এতই অনন্যসাধারণ যে গুণীজনরাই বইটিকে বুকে আগলে নিয়েছেন পরম আদরে। বইটি যেকোনো পাঠককে একটানে নিয়ে যায় সেই ভয়াবহ যন্ত্রণা, কষ্ট, হৃদয়ভরা আবেগ, প্রতিজ্ঞায় জ্বলে ওঠা আমাদের অহংকার মুক্তিযুদ্ধের গৌরবের সমাচার ও রক্তাক্ত অর্জনকে মনে করিয়ে দিতে। সাহস এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণক্ষমতা থাকলে একটি মানুষ সেই দুঃশাসন আর নৃশংস দিনগুলোর অবিকল চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারেন।
মুক্তিযুদ্ধে বড়লেখা যেমন আমাদের আজীবন লালিত স্বপ্ন বাস্তবায়নের রক্তাক্ত সংগ্রামের চিত্র, তেমনি পাকিস্তানি বর্বরতার একটি প্রামাণ্য দলিল। অন্যদিকে এই গ্রন্থ প্রজন্মের কাছে আমাদের গৌরবের দিনগুলোকে জীবন্ত করে তোলে। এক অবিনশ্বর সত্যের লিপিকৃত নিখুঁত ছবি। তিনি এই গবেষণার জন্যে বেছে নিয়েছিলেন বৈরী সময়কে। যখন দেশে অনেকেই তাদের কলম বন্ধ রেখেছিলেন, বেরিয়ে আসতে পারছিলেন না খোলস ছেড়ে, মোস্তফা সেলিম তখন নিজেকে অকাতরে উৎসর্গ করেছেন একজন মুক্তিযোদ্ধার মতই।