কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বিদ্রোহী কবি হিসেবে অভিহিত হলেও নজরুলের নিজের ভাষ্য থেকেই আমরা পাই যে, তিনি প্রেম দিতে এসেছিলেন এবং প্রেম পেতে এসেছিলেন। নজরুল ভাষ্য: আমার কাব্য অস্তিত্বের পনের আনাই স্বপ্নে বিভোর ও সৃষ্টিশীলতার ব্যথায় ডগমগ; অথচ শিল্পীচিত্তের মাত্র এক আনা পলিটিক্স করেছে, বক্তৃতা দিয়েছে এবং সংঘ-সংগঠন গড়েছে।
১৯১৯ সনের নজরুল সাহিত্যাদর্শকে অবলোকন করলে আমরা দেখবো: তখন লেখক হবার ইচ্ছা তাঁর প্রচণ্ডভাবে জাগ্রত হয়েছে। প্রকৃতি প্রবণতা এবং দর্শন ও ঘ্রাণেন্দ্রিয় সচেতনতার মাধ্যমে কবি প্রকৃত কবি হয়ে উঠেন। প্রেমিকমনের অনুভবই সৃষ্টিকে সম্ভব করে তোলে। মৃত্তিকালগ্নতা নজরুলকে লেখায় প্রণোদিত করেছে। বাঙালি ও বিশ্ববাসীকে জানানোর আকাঙ্ক্ষা থেকেই তাঁর লেখক-সত্তার জাগরণ।
১৯২০-২১ সালে নজরুল সাহিত্যাদর্শে আমরা তাঁকে পরের ব্যথায় ব্যথিত হতে দেখি। বিশ্বজনের ব্যথা নিজের করে নিতে পারলে আত্মা উন্নত হয় বলে তিনি মন্তব্য করেছেন। সত্যকে চিনলে ও সুন্দরকে উপলব্ধি করতে পারলেই পরের ত্যাগে আনন্দ পাওয়া যায়। জাতিধর্ম-নির্বিশেষে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের আকাঙ্ক্ষা তিনি পোষণ করেছেন। লেখার মধ্যে সংকীর্ণতা, ভণ্ডামি