দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটক উনিশ শতকের ভারতবর্ষের গ্রামীণ বাস্তবতার এক অপূর্ব দলিল। ১৭৫৭ সালে পলাশীর পরাজয়ের পরপরই প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে জড়িয়ে ফেলে। আর এর পর থেকেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ ব্রিটেনের হাতে চলে যায়।
একদিকে রাজনৈতিকভাবে পদদলিত বাংলার মানুষ, অন্যদিকে সাদা চামড়ার মুনাফালোভী ইংরেজ ব্যবসায়ীদের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছে এদেশের অসংখ্য পরিবার। তৎকালীন বাংলার পল্লিজীবনে ধানের জমিতে বাধ্যতামূলক নীল চাষের মাধ্যমে অর্থনৈতিক শোষণ এবং দরিদ্র মানুষের উপর নিপীড়ন নির্যাতনের সূচনা হয়। বিভিন্ন গ্রামে গড়ে ওঠা নীলকর সাহেবের কুঠির দৌরাত্মে এদেশের ভূমিকেন্দ্রিক শ্রমজীবী মানুষের জীবন ও সম্ভ্রম রক্ষা হয়ে ওঠে দুর্বিষহ। শুধু যে অর্থনৈতিকভাবে তাই নয় শোষণ থেকে ক্রমশই অত্যাচারী নীলকরদের হাত সম্প্রসারিত হয় কৃষক পরিবারের অন্দরমহলে।