প্রহসন বলতে এমন এক ধরনের নাট্যসৃষ্টি বোঝায় যাতে হাস্যরসময় জীবনালেখ্য রূপায়িত হয়ে ওঠে। নাট্যকার সামাজিক কুসংস্কার-অনাচার-পাপাচার ব্যঙ্গ-বিদ্রূপ সহযোগে প্রহসনে প্রকাশ করে থাকেন। প্রহসন নাট্যসাহিত্যের একটি উপজাতি, কৌতুক নাটক বা ব্যঙ্গ নাটক হিসেবে এর যথার্থ পরিচয়। রসগাম্ভীর্যের দিক থেকে নাট্যসৃষ্টিকে নাটক ও প্রহসন-এ দু ভাগে ভাগ করা যায়। সংস্কৃত সাহিত্যাদর্শ অনুসারে নাটক দৃশ্যকাব্য, এতে ঘটনাবলি সংলাপ ও অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে।
সংলাপ আর ক্রিয়াকলাপ থেকে নাটকে উল্লেখিত পাত্রপাত্রীর মধ্যে দ্বন্দ্বসংঘাতের ফলে তাদের চরিত্রের পরিচয় প্রকাশ পায় এবং ঘটনার পরিণতি থেকে দর্শকদের মনে একটি বিশেষ রসের উদ্রেক হয়। সুসংবদ্ধ কাহিনী, রস- ঘনিষ্ঠতা, চিত্তাকর্ষক পরিণতি ইত্যাদি বিষয়ে নাট্যকারকে সঙ্গতি রক্ষা ও সামঞ্জস্য বিধান করে চলতে হয়। এসব বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে প্রহসনের স্বরূপ-লক্ষণ ভিন্নতর। প্রহসন রচনার পশ্চাতে হাস্যরস সৃষ্টির মাধ্যমে দর্শকসমাজকে আনন্দ প্রদানের উদ্দেশ্য বিদ্যমান থাকে। সমাজের দোষত্রুটি অবলম্বনে ব্যঙ্গ-বিদ্রূপ হালকা বা তীক্ষ্ণ যাই হোক না কেন তাতে আবহাওয়া লঘু ও কৌতুকময় হয়ে ওঠে।