বড় বড় কৈ ছিলো, খই ছিলো টাটকা মেঘনায় জেলেগুলি, ধরতো না জাটকা ছোট ছোট মই ছিলো, চাষাবাদে লাগতো ছাত্ররা অনেকেই, ভোররাতে জাগতো।
চোরগুলি সিঁধ কেটে, ঘরে চুরি করতো চকিদার মাঝে মাঝে, রাতে চোর ধরতো পান্তার বুড়ি ছিলো, পানি ভাত খাইতো টোনা আর টুনি মিলে, টুনটুন গাইতো।
রাতে বসে গোল হয়ে, পুঁথি পাঠ করতো ছোট নদে গড়া দিয়ে, জেলে মাছ ধরতো টিপ টিপ বৃষ্টি, সারারাত ঝড়তো রিকশায় শাড়ি বেঁধে, মামী খালা চড়তো।
পুকুরের জলে জোরে, পাকা তাল পড়তো বাচ্চারা অনায়াসে, আমগাছে চড়তো কিশোররা দল বেঁধে, ডুব দিয়ে নাইতো আব্বাস আলিমেরা, ভাটিয়ালি গাইতো।