অর্থহীনতায় চরম বিভ্রান্ত ব্যক্তি চিত্ত ভুল জিনিসে নিজের অস্তিত্ব খুঁজে কোনো এক ধাঁধায় নিজেকে প্রতিবার হারায়। পেতে না পেতে চকিতেই আবার হাতছাড়া হয়ে যায় বেঁচে থাকার আসল কারণ। নৈরাজ্য, অনাস্থা আর অবিশ্বাস ভালোবাসাকে আশ্রয় করে মধ্যবিত্ত জীবনে শৃঙ্খলায় বাঁচতে চায়, সেখানেও থাবা দেয় রহস্যময় অনিয়ন্ত্রিত সময়। সময় খায় মানুষের মগজ, ভালোবাসা বা সম্পর্কের অতি জরুরি ভিত্তি, সততার ভাঁজ, ইচ্ছের স্থিতিস্থাপকতা। তারপর বদলে যায় সব। মানুষ নিজেকে পায় অচেনায়। চিনতে গিয়ে ভুল চেনে, মৃত্যু পর্যন্ত মানুষ খুঁজে ফেরে কী সে চায়, কেন চায় কিংবা কতক্ষণ চায়। মানুষ ভাবে, কাঁদে, চিৎকার করে, হাসে এবং মরে যায় নিয়ম করে। অর্থহীনতায় তারপর পছন্দ মতোন বিতর্কিত অর্থ খোঁজে।