নিজেকে বড় বেশি কফি হাউজের
আড্ডা গানের অমলের মতো মনে হতো,
শব্দেরা ছিল সিগারেটের ধোঁয়ার মতো—
ভেসে যেত, জমে থাকত না কোথাও।
কখনো ভাবিনি অকবিতাগুলো
কবিতার মতো ছাপা হবে,
এ তো ছিল অধরা স্বপ্ন।
আজ হঠাৎ করে দেখি—
সেই ছড়িয়ে থাকা বাক্যগুলো
মলাট পেয়ে গেছে,
পাতার ভাঁজে ভাঁজে
আমারই না বলা দিনরাত্রি।
এই প্রথম,
আমার নামের পাশে
“কবি” শব্দটা বসবে—
এখনো বিশ্বাস করতে কষ্ট হয়।
যারা আড্ডায় শুনেছিল,
যারা অবহেলায় হেসেছিল,
যারা নিঃশব্দে ভরসা রেখেছিল—
এই বইটা তাদেরও।
যদি কোনো কবিতা অসম্পূর্ণ লাগে,
জেনে নিও—
আমি এখনো শিখছি,
এটা শুধু শুরু।