মানুষের বদলে যদি একটি শহর স্মৃতিচারণ করা শুরু করে তাহলে সেটা কেমন দেখাবে? তাও যদি হয় এমন একটা শহরের স্মৃতিচারণ যেখানে জীবিত কোনো মানুষের দেখা মেলা যায় না, কিংবা সেখানে কে জীবিত আর কে মৃত সেটা আপাতদৃষ্টিতে বোঝা খুব কঠিন। তখন গল্পটা কী হয়ে উঠবে ভৌতিক, নাকি স্মৃতিকাতরতামূলক, তাও আবার একটা বিস্মৃত শহরের?
এভাবেই এই উপন্যাসে এক স্মৃতিকাতর শহর কোমালায় গিয়ে গোলকধাঁধায় পড়ে হুয়ান প্রিসিয়াদো নামের এক যুবক, যে সেখানে গিয়েছিল পেদ্রো পারামো নামের একজন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। কারণ হুয়ানের মা মৃত্যুশয্যায় তাকে প্রতিজ্ঞা করিয়েছিল তার বাবার সাথে সে যেন কোমালায় গিয়ে দেখা করে। বারবার বর্ণনার গতি পাল্টে গিয়ে জীবিত মানুষ হয়ে পড়ে মৃত, আর মৃত মানুষ জীবিত।