আমি গল্প শুনতে ভালোবাসি। দূরদূরান্তের মানুষের গল্প শুনি। এটা আমার একধরনের রোগ বলা যায়। দশ বছর আগেকার কথা। তখন আমি ডেকে ডেকে মানুষকে জিজ্ঞেস করতাম, তারা কোথায় জন্ম নিয়েছে, কীভাবে বেড়ে উঠেছে। সবকিছুর মধ্যেই একটা গল্প খুঁজতে চাইতাম। সে সময় ভালো শ্রোতার নিশ্চয়ই বেশ অভাব ছিল। মানুষ বলতে চাইত, কিন্তু শোনার মতো লোক ছিল না। আমি যার কাছেই গল্প শুনতে চাইতাম, সে খুব আগ্রহ নিয়ে আমাকে গল্প বলতে শুরু করত।
আমি যে মানুষের কাছে গল্প শুনে বেড়াই, এই ব্যাপারটা কী করে যেন চারদিকে রটে গেল। লোকজন দূরদূরান্ত থেকে আমার কাছে গল্প বলতে আসত। এমনকি যাদের আমি জীবনে চোখেও দেখিনি, তারাও একসময় আসতে শুরু করল।