বিদায়ীগামী সূর্যের লাল আভা। সমুদ্রের পানি হালকা রক্তাভ হয়ে উঠেছে। ব্রাজিলের এক অখ্যাত সামুদ্রিক বন্দর। লিসবন আগত জাহাজটি জেটিতে এসে ঠেকছে। পাটাতনে দাঁড়িয়ে আছে ক্রিশ্চিনা। দূর থেকে গ্রামের কুঁড়েঘরগুলোকে দেখাচ্ছে যেন সারি সারি কাটা গাছের গুঁড়ি। বন্দরে মানুষের ব্যস্ততা। কোলাহল। ছোটাছুটি।
লিসবনে ফেলে আসা সেই সুখময় জীবন তার স্মরণে এল। চোখ দুটো ছলছল করে উঠল পুরনো স্মৃতির কথা ভেবে। হয়তো কিছুক্ষণ পরেই দেখা হবে সম্পর্কীয় ভাই বাগদত্ত তিয়াগোর সঙ্গে। কল্পনা করতেই মনটা অজানা আশঙ্কায় দুর দুর করে উঠল। সবুজ ছায়া মাখানো সাও ডিসেন্ট গ্রামে সন্ধ্যার লাল আভা নেমে এসেছে। এ ভূখণ্ডে তার নবজীবন লাভ।
এই দীর্ঘ যাত্রাপথে ক্রিস্টিনার সাথী জোনো এনতোনিয়া পাশে এসে দাঁড়ালো। চন্দন সুবাসে ভুরভুর করে দিল স্থানটি। লাল বাসে সুশোভিতা। কানে সোনার দুল। মাথায় পালকের টুপি। বাতাসে দুলছে। মূর মেয়েদের মতো কালো পেনসিল দিয়ে ভুরু আঁকা। চোখে সুরমা। মনে বিরাট আশার উদ্দীপনা। এ বেশ কাঁদার নয়। আগুনের ঝিলিক।