একবার খড় বিছানো উষ্ণ এক পিপের ভেতর তিন তিনটে নাদুসনুদুস কুকুরছানা জন্মায়। ওদের সবগুলোই দেখতে বাদামি ও সাদা আর সেই পিপের মতোই গোলাকার। ওদের মায়ের নাম জেসি। সাদা আর বাদামি রঙের মাদি শিপ-ডগ। চোখ দুটা ঘন বাদামি। গ্রামের এক কৃষকের খামারে তার বাস। জায়গাটার কাছাকাছি এলাকাটা সারি সারি পাহাড়ে ছাওয়া, ছোট থেকে এখানেই বেড়ে ওঠায় আশপাশের পাহাড়ের প্রতিটা ইঞ্চি তার চেনা। তাই খামার পাহারা দেয়া ছাড়াও মালিকের আরো অনেক জরুরি কাজ সে অনায়াসেই করে দিতে পারে।
তার কোল আলো করে আসা এই তিনটে ফুটফুটে বাচ্চার সবাই ছেলে শিপ- ডগ। জন্মের পর থেকেই ওরা খামার থেকে কিছুটা দূরে খড় বিছানো সেই পুরনো ঢাউস আকৃতির পিপের ভেতর ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে।