জাহাজ-ঘাটা থেকে রু জেনেগা ধরে বরাবর হেঁটে এলে আপনি একটা ছাদে ঢাকা গলিপথে এসে পৌঁছবেন। পথটা সংকীর্ণ আর অন্ধকার। এ পথটা রু ম্যাজেরা থেকে রুদ্য লা-সিন পর্যন্ত এসে পৌঁছেচে। পথটা তিরিশ কদম লম্বা, আর চওড়ায় বড়জোর দু'কদম। পথে বিছানো জীর্ণ হলদেটে টালিগুলো পায়ের চাপে ভেঙে ভেঙে যায়। টালিগুলো থেকে ভাপসা একরকম অ্যাসিড বেরোয়। উপরের ছাদে চৌকা চৌকা কাচ বসানো। সেগুলো ময়লা জমে কালো হয়ে উঠেছে। এ পথের নাম প্যাসেজ দ্য পঁ নিউফ।
গ্রীষ্মের সুন্দর সকালে বাইরের পথঘাট যখন প্রখর সূর্যকিরণে ঝলমল করে, তখন ওই ময়লা কাচ-বসানো ছাদের ভেতর দিয়ে একটা ঘোলাটে আলো অত্যন্ত কুণ্ঠিতভাবে এ পথের উপর এসে পড়ে। আর শীতের কুয়াশাচ্ছন্ন সকালে এ জায়গাটায় রীতিমতো অন্ধকার রাত।