কথাটি শুনে নাকানিশি লজ্জায় নুইয়ে পড়ল।
টের পেলাম মেয়েটির অসম্ভব ফর্সা গাল ক্রমশ লাল হয়ে যাচ্ছে। নিচু হয়ে কচি ঘাসের ডগা ছিঁড়ছে। ওর হাত ছুঁয়ে মৃদু হেসে বললাম, 'তুমি কি মাইন্ড করলে?'
'নাহ্।' দ্রুত জবাব দিয়ে যেন স্বাভাবিক হওয়ার ভান করল।
ছোট্ট পার্কটি এখন প্রায় জনশূন্য। বিকেলের কমলারোদ মুছে গেছে। আমরা দুজন এতক্ষণ মুখোমুখি বসেছিলাম। নাকানিশি এবার ওঠে দাঁড়াল। হাতের কব্জি উল্টিয়ে ঘড়ি দেখে নিচু গলায় বলল, 'চল ফেরা যাক।'
সর্পিল আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় সন্তর্পণে গাড়ি চালাচ্ছে নাকানিশি। কোন কথা বলছে না। লজ্জার ভাবটি বোধহয় কাটেনি। এখনও দু'ঠোঁট চেপে আছে। চুপচাপ বসে থাকতে ভাল লাগছিল না। একটি মজার জোক বলে ওকে হাসাবার চেষ্টা করলাম। নাকানিশি বিন্দুমাত্র না হেসে বরং আরও গম্ভীর হয়ে গেল।