জীবনের শুরু থেকে ইশান একাকী। মা, বাবা, নানুমনি। সংসারে এই তিনজন থাকা সত্ত্বেও ইশান কোথায় যেন একা। সকাল থেকে রাত অবধি নানুমনির কাছেই বড় হওয়া। প্রায় ছয় বছর পর ছোট ভাই ইয়াশ বন্ধু হয়ে পাশে এসেছে। ইয়াশের কারনে কৈশোর কাটে কিছুটা আনন্দে। আর তা না হলে কি যে হতো!
যে বয়সে মা'র মমতা পাওয়ার জন্যে ব্যাকুল থাকে মনটা। সেই বয়সে ইশান নানুর স্নেহ মমতায় ভুলে থাকতো মাকে। কারণ, অফিস থেকে এসেও মা ব্যস্ত থাকতো ঘরের কাজ কর্ম নিয়ে। একজনের বিকল্প কি অন্যজন হতে পারে! খুব ইচ্ছে হতো মার সঙ্গে স্কুলে যেতে। ইচ্ছে হতো বাবার সঙ্গে বল খেলতে।