খুব ভোরে ঘুম ভাঙল অজিতেশের। বাইরে তখনো আলো ফোটেনি। তবু
ঘুম ছুটে গেল, বলা ভালো শেষ হলো। অনেকদিন পরে এক ঘুমে রাত পার
হলো তার। বহুদিন ঘুমায়নি এমন। শরীর ও মনজুড়ে এক অদ্ভুত প্রশান্তি
বিরাজমান। আস্তে আস্তে দিন ফুটছে রাতের কুসুম ভেঙে। টের পাওয়া
যাচ্ছে প্রাণ, এমনকি পাতা ঝরে পড়ার শব্দও। শহুরে জীবনে এমনটি
একেবারেই ঘটে না। সেখানে দেরি করে ঘুমানো; দেরি করে ওঠা
প্রাত্যহিক। আগে ঘুমুতে চাইলেও হবে না।
আশে-পাশে শব্দ; নতুন নতুন
নির্মাণ, গাড়ির হুইশিল। টিভির শব্দ। আজকাল হয়েছে অভিনব হ্যাপা,
চ্যানেলে চ্যানেলে রাজ্যের হিন্দি-বাংলা-ইংরেজি সিরিয়াল, প্রতিযোগিতা
অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলে যে হুল্লোর। অস্বাভাবিক হয়ে উঠছে ক্রমশ
শাহরিক কোলাহল ঘটনায় ও দূর্ঘটনায়। শহরগুলো যেন একেকটি
কারখানা। চলছে, চলবে; থামাথামি নেই। নিরন্তর শব্দ, যন্ত্রের ঘর্ঘর আর
উত্তাপ। গ্রামেও এর ছোঁয়া লেগেছে বটে তবে এখনও কিছুটা কম।
গাছপালা, বাড়ি থেকে বাড়ির দূরত্ব এবং খালি জমিক্ষেত থাকার ফলে
নির্জনতা রয়েছে।