ফজরের আজানের আগে থেকে বাছুরটি হাম্বা হাম্বা করে ডাকছে। একবার দুবার নয়, একনাগাড়ে। যতই বাছুরটি ডেকে যাচ্ছে আলেকজানের ভেতরটা তোলপাড় করতে থাকে। তিনি বুঝতে পারেন বাছুরটির খিদে পেয়েছে। সেই সন্ধে থেকে বাছুরটিকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। খিদে তো লাগারই কথা। কথাটা ভাবতে গিয়ে নিজেকে খুব নিষ্ঠুর মনে হয় আলেকজানের। দুধ বেচে আহার যোগানোর জন্য বাছুরটিকে কতই না কষ্ট দিয়ে চলেছেন দিনের পর দিন। কিছুই করার নেই। দুধ বেচে যা আয় হয় তা দিয়ে তার দিন চলে।
বাছুরটি যতই ডাকে তার ভেতরটা ততই চঞ্চল হয়ে ওঠে। চোখে একটু ঘুম লেগে আসতেই বাছুরের ডাকে আবার ঘুম ভেঙে যায়। বড় একটা যন্ত্রণায় পড়ে যান আলেকজান। কখন ভোর হবে সে অপেক্ষায় তাকে থাকতে হয়। এক সময় মসজিদ থেকে আযান ভেসে আসে। আলেকজানের প্রহর গোনা শেষ হয়। তিনি খাড়া হয়ে বিছানায় ওঠে বসেন। পাশে রাখা কুপিটা দিয়াশলাইয়ের কাঠিতে জ্বালিয়ে বদনাটি নিয়ে বেরিয়ে পড়েন।