কোমরের গামছা খুলে পাগড়ির মতো করে মাথায় প্যাঁচিয়েছে বাদশা। গায়ে নীল হাফহাতা শার্ট। দুদিকে দুটো ঝুল পকেট। বুকে একটি। বাদশার পরনের লুঙ্গিটা হালকা সবুজ রংয়ের। ঘর থেকে বেরিয়ে খোলা উঠোনে দাঁড়ালো বাদশা। একবার ঘরের তিনদিক খোলা চওড়া বারান্দার দিকে তাকাল।
বারান্দায় বিরস মুখে বসে আছে পাখি। কোলের উপর পুরনো একটা কুলো। কুলোয় সেরখানেক চাল হবে। চালটা মনোযোগ দিয়ে বাছছিল পাখি। তার গলায় এবং দুহাতের বাহুতে প্রচুর মাদলি। মাদলিগুলো কালো কাইতান দিয়ে বাঁধা।
পাখির দিকে একবার তাকিয়ে তিড়িং করে একটা লাফ দিল বাদশা। তারপর যাত্রার মহারাজা হয়ে গেল। বিকট গম্ভীর গলায় চিৎকার করে বলল, মহারানী মহারানী, বিদায় দাও প্রিয়ে। যাইব বাণিজ্যে, দূর বন্দরে। রাজ্যে অনটন, প্রজাকূল আছে অনাহারে। প্রজার দুঃখ রাজা না দেখিলে আর কে দেখিবে বল।