পরিতোষ ভিড় ঠেলে এসে বলল, তুই এখানে? কবে এসেছিস? কেন? সেই এক লক্ষ একটি প্রশ্ন। ও জানে, আমার এখানে আসার কথা নয়!
আমি কোনো উত্তর করি না। ও ঘাড়ে ঝুলানো ব্যাগটা একটু জোর করেই নিয়ে নিলো,
চল, আমার ওখানে চল, চারটে মুখে দিবি, তার পর সব শুনবো।
আমি ওর সাথে রিকশায় চেপে বসলাম, একটা উঠতি ঘামের গন্ধ আমাকে আচ্ছন্ন করলো, গন্ধটি কোত্থেকে ভেসে আসছে, আমি বুঝতে পারলাম না। কেমন করে বুঝব, আজকাল নিজের ঘামের গন্ধই আমি চিনতে পারি না, মাঝেমাঝে অনিন্দিতাকেও পর পর মনে হয়।
নিজের তক্তপোষও নিজের মনে হয় না। কিছুদিন থেকে এরকম হচ্ছে আমার। সেই চেনাগাছটা, যার নিচে অনিন্দিতা আর আমি কত বিকেল পার করে দিয়েছি, কত সন্ধ্যা আমাদের ভালোবাসার গল্প শুনেছে, সেই গাছটাও ইদানীং অচেনা মনে হয়।