মুখে আমি কখনো বলিনি, তোমাকে ভালোবাসি। তুমিও কখনো বলোনি। * সন্ধ্যার জোনাকিরা আমাদের আলো দিয়ে যেত, শত স্মৃতি উঁকি দিয়ে যেত মনের গহিনে।
রিকশা আমাদের নিয়ে দুরন্ত বেগে ছুটে চলত ঢাকা শহরের শত ব্যস্ত তার পথ ধরে যেদিকে খুশি সেদিক। তুমি অতি যত্নে আমার হাত তোমার হাতের মধ্যে নিয়ে বসে থাকতে। সবাই আমাদের দিকে তাকিয়ে দেখত। আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে বলতাম, আচ্ছা নীল, সবাই কী দেখে আমাদের দিকে তাকিয়ে?
তুমি বলতে, সবাই আমাদের রূপ দেখে। প্রবল জলঝড়ের পর সবাই যেমন পরিষ্কার হয়ে যাওয়া আকাশের চাঁদ দেখে চমকে যায়, তেমনি।
আমি বলেছি, তাই তো বলি কী দেখে! তুমি মুখে একঝলক আলো ফেলে বললে, আমাদের জুটিটা সবার খুব পছন্দ, তাই এমনভাবে দেখে।