আমার এই মফস্বলের চাকুরিটি বাড়ির সবার অনুরোধ সত্বেও খোয়াতে চাইনি। তাই সকলের চোখের কাটা হলেও দুর্দিনের এই সোনার হরিণ আমি কব্জা করে রংপুরের এই অজপাড়াগাঁয়ে এক বছর যাবত বাবা-মা- স্ত্রী আর একমাত্র সন্তান তৌফিক হাসানকে ফেলে পড়ে আছি। তো প্রথম এই গ্রামের স্কুলে জয়েন করে কোথায় থাকবো -এই টেনশনে দুদিন কাটাবার পর হেড মাস্টার সাহেব লতিফ মুনশির বাড়িতে আমাকে লজিং ঠিক করে দেন।
ওই বাড়িতে আমার কাজ মুনশির চার বছরের মেয়েকে পড়ালেখা শেখানো। লতিফ মুনশির আরো পাঁচ ছেলেমেয়ে, অভাবের কারণে কেউ হাইস্কুলে যেতে পারেনি। শতো অভাবের ছিদ্র দিয়ে জীবনের সুখগুলো যখোন ঘর থেকে বিলীন হচ্ছে তখোন কিসের আশায় যেনো লতিফ মুনশি হেড মাষ্টারের কথা ফেলতে পারলো না। বিপদের এই দিনে আমিও অন্য কোথাও ঠাঁই না পেয়ে এই বাড়ির ছোট মেয়েটির ভবিষ্যতের ভার আমার ওপর নিয়ে নিলাম। ওকে অক্ষরজ্ঞান দিয়ে জীবনের ভিত তৈরী করাই আমার কাজ।